যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্সের ইনফেকশন, যা পেটের ডান পাশে ব্যথা সৃষ্টি করে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।
অ্যাপেন্ডিসাইটিস কী এবং এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, অ্যাপেন্ডিসাইটিস হলো অন্ত্রের একটি অংশ অ্যাপেন্ডিক্সের ফুলে যাওয়া এবং ইনফেকশন হওয়া। এটি সাধারণত পেটের নিচের ডান পাশে ব্যথা সৃষ্টি করে।
এর লক্ষণগুলো সাধারণত নাভির চারপাশে মাঝ পেটে ব্যথা দিয়ে শুরু হয়। কয়েক ঘণ্টা পর ব্যথা পেটের নিচের ডান দিকে সরে যায় এবং আরও তীব্র হতে পারে। হাঁটাচলা করলে, কাশি দিলে বা ওই জায়গায় চাপ দিলে ব্যথা বাড়তে পারে।
- বমি ভাব বা বমি হওয়া এবং ক্ষুধা কমে যাওয়া
- জ্বর হওয়া
- কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া
- স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হওয়া
রোগ নির্ণয় ও চিকিৎসা
অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দিলে চিকিৎসক পেট চেপে পরীক্ষা করে দেখেন। নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের মতো পরীক্ষা করা হতে পারে।
এটি সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিয়ে চিকিৎসা করা হয়। অনেক সময় ইনফেকশন না ছড়ালে অ্যান্টিবায়োটিক দিয়েও চিকিৎসা করা হতে পারে।
- অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া ক্ষতিকর নয়।
- অস্ত্রোপচার সাধারণত এক ঘণ্টার মতো সময় নেয়।
- জরুরি ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে থাকতে হয়।
বাড়ি ফিরে সুস্থ থাকার উপায়
অস্ত্রোপচারের পর বেশিরভাগ মানুষ ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ থাকার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা যায়।
কোনো ওষুধ বা পেইনকিলার খাওয়ার প্রয়োজন হলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- তৈরি মনে হলে ধীরে ধীরে নিজের নিয়মিত কাজকর্মে ফিরে যান।
- ক্ষতের যত্ন নেওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
- কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর আঁশযুক্ত খাবার খান এবং তরল পান করুন।
- সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত খেলাধুলার মতো ভারী কাজ বা ব্যায়াম করবেন না।