শিশুর প্রথম দাঁত ওঠার সময় মাড়িতে কিছুটা অস্বস্তি বা হালকা জ্বর হতে পারে। এই সময়ে শিশুর কি কি লক্ষণ দেখা দেয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেবেন তা জেনে নিন।
কখন ও কীভাবে শিশুর দাঁত ওঠে?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, বেশির ভাগ শিশুর ক্ষেত্রে প্রায় ৬ মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু হয়। তবে কিছু শিশুর ৪ মাসের আগেই বা ১২ মাসের পরেও দাঁত উঠতে পারে। এমনকি কোনো কোনো শিশু দাঁত নিয়েই জন্মগ্রহণ করে।
- প্রথমে সাধারণত নিচের সামনের দুটো দাঁত ওঠে।
- এরপর ওপরের সামনের দাঁতগুলো উঠতে দেখা যায়।
- প্রায় ২ থেকে ৩ বছর বয়সের মধ্যে শিশুদের সব দুধদাঁত উঠে যায়।
দাঁত ওঠার সাধারণ লক্ষণসমূহ
দাঁত ওঠার সময় কোনো কোনো শিশুর কোনো ব্যথা বা অস্বস্তিই হয় না। আবার কিছু শিশুর কয়েক দিন হালকা লক্ষণ থাকতে পারে।
- দাঁত ওঠার স্থানে মাড়ি লাল ও ফোলা হওয়া।
- শরীরের তাপমাত্রা হালকা বাড়তে পারে, তবে তা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে।
- একটি গাল লালচে হওয়া ও মুখে র্যাশ দেখা দেওয়া।
- স্বাভাবিকের চেয়ে বেশি লালা পড়া এবং কানে হাত দিয়ে ঘষা।
- যেকোনো জিনিসে কামড় দেওয়ার প্রবণতা এবং ঘুমের ব্যাঘাত ঘটা।
দাঁত ওঠার সময়ে প্রয়োজনীয় খেয়াল ও সতর্কতা
শিশুর মাড়ির অস্বস্তি বা ব্যথার জন্য কোনো জেল বা ওষুধ ব্যবহারের আগে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। বিশেষ করে শিশু বা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের যেকোনো ওষুধ দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- শিশুর ক্ষতিকারক কোনো জিনিস বা অস্বাস্থ্যকর বস্তু মুখে দেওয়া থেকে বিরত রাখুন।
- দাঁত ওঠার কারণে পাতলা পায়খানা হয় বলে অনেকে মনে করেন, তবে এর কোনো সঠিক প্রমান নেই।
- শিশুর শারীরিক যেকোনো লক্ষণ নিয়ে দুশ্চিন্তা হলে কাছের স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে যান।