হাঁটুর পেছনে নরম ফোলা ভাব বা বেকার্স সিস্ট কেন হয়, এর লক্ষণ কী এবং বাড়িতে ব্যথামুক্ত থাকতে কী করবেন—তা জানুন। সঠিক তথ্য জেনে সচেতন থাকুন।
বেকার্স সিস্ট কী এবং কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, বেকার্স সিস্ট হলো হাঁটুর পেছনের অংশে তরল ভর্তি একটি ফোলা বা চাকা। হাঁটুর জোড়ে কোনো সমস্যা বা আঘাত থাকলে সেখানে অতিরিক্ত তরল জমে এই সিস্ট তৈরি হতে পারে।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত হাঁটুর আঘাত, বাত বা আর্থ্রাইটিস এবং গাউট থেকে এটি হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে কখনো কোনো স্পষ্ট কারণ ছাড়াই এটি তৈরি হতে পারে। সাধারণত ৩৫ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
সাধারণ লক্ষণ ও উপসর্গ
হাঁটুর পেছনে নরম ফোলা ভাবই বেকার্স সিস্টের প্রধান লক্ষণ, যা সোজা হয়ে দাঁড়ালে বেশি স্পষ্ট বোঝা যায়। অনেকের ফোলা ছাড়া আর কোনো সমস্যা নাও থাকতে পারে, তবে কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে।
- হাঁটু বা পায়ে ব্যথা এবং শক্ত ভাব অনুভূত হওয়া
- হাঁটু ভাঁজ করতে বা নাড়াতে কষ্ট হওয়া
- হাঁটার সময় হাঁটুতে মটকানোর মতো শব্দ হওয়া
- অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ব্যথা বা অস্বস্তি বেড়ে যাওয়া
বাড়িতে যত্ন ও সাধারণ চিকিৎসা
বেকার্স সিস্ট সব সময় আলাদা চিকিৎসার প্রয়োজন হয় না। অনেক সময় মূল স্বাস্থ্যসমস্যার চিকিৎসা করলে এটি একা একাই কমে যায়। কোনো ব্যথানাশক ওষুধ বা মলম ব্যবহারের প্রয়োজন হলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী, দুগ্ধদানকারী মা, শিশু বা অন্য কোনো রোগের নিয়মিত ওষুধ সেবনকারীরা যেকোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- হাঁটুকে পর্যাপ্ত বিশ্রাম দিন এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন
- একটি তোয়ালেতে বরফ পেঁচিয়ে ১০ মিনিটের জন্য হাঁটুর পেছনে হালকা সেঁক দিন
- বসে বা শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা কিছুটা উঁচুতে রাখুন
- প্রয়োজনে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ব্যায়াম করুন