মূত্রথলিতে পাথর হলে তলপেটে ব্যথা ও প্রস্রাবে কষ্ট হতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা থেকে মূত্রথলির পাথরের লক্ষণ, কারণ ও প্রতিরোধে করণীয় জানুন।
মূত্রথলির পাথর কী ও এর প্রধান লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, আপনি যদি মূত্রথলি পুরোপুরি খালি করতে না পারেন, তবে ধীরে ধীরে সেখানে খনিজ পদার্থ জমে শক্ত পাথর তৈরি হতে পারে। ছোট পাথর প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে, তবে বড় পাথর বের করার জন্য চিকিৎসার প্রয়োজন হয়।
মূত্রথলিতে পাথর হলে শরীরে কিছু পরিবর্তন দেখা দেয়। যেমন:
- তলপেটে ব্যথা অনুভব হওয়া
- প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া করা
- ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া, বিশেষ করে রাতের বেলা
- প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
- প্রস্রাব করতে কষ্ট হওয়া বা একেবারেই প্রস্রাব না হওয়া
- বারবার মূত্রনালির সংক্রমণ দেখা দেওয়া
মূত্রথলির পাথরের কারণ ও স্বাস্থ্য পরীক্ষা
যেসব স্বাস্থ্য সমস্যা মূত্রথলি পুরোপুরি খালি হতে বাধা দেয়, সেগুলোর কারণে পাথর হতে পারে। উদাহরণস্বরূপ: প্রোস্টেট বড় হয়ে যাওয়া, যোনিপথে মূত্রথলি নেমে আসা, স্নায়ুর ক্ষতি বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য।
লক্ষণ দেখা দিলে চিকিৎসক কারণ শনাক্ত করতে কিছু পরীক্ষা করাতে পারেন:
- প্রস্রাবের পরীক্ষা ও রক্ত পরীক্ষা
- আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান
- সিস্টোস্কোপি (সরু ক্যামেরাযুক্ত নলের সাহায্যে মূত্রথলি পরীক্ষা)
চিকিৎসা ও পাথর প্রতিরোধে করণীয়
বড় পাথর সরানোর জন্য সাধারণত ছোট অস্ত্রোপচার করা হয়। এতে ক্যামেরাযুক্ত সরু নল দিয়ে পাথর ভেঙে বা তরল দিয়ে ধুয়ে বের করা হয়। গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু বা কোনো রোগে আক্রান্ত ব্যক্তি যেকোনো ওষুধের জন্য আগে চিকিৎসকের পরামর্শ নিন।
একবার পাথর হলে তা আবার হওয়ার ঝুঁকি থাকে। এটি প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলা ভালো:
- সারাদিনে প্রচুর পরিমাণে পানি ও তরল পান করুন
- প্রস্রাবের বেগ আসলে চেপে না রেখে সাথে সাথে প্রস্রাব করুন
- প্রস্রাব শেষ করার পর বেগ রয়ে গেছে মনে হলে ১০ থেকে ২০ সেকেন্ড পর আবার চেষ্টা করুন
- কোষ্ঠকাঠিন্য এড়াতে খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি ও ফলমূল রাখুন