শীতে ঠান্ডা বাতাসে হাত বা পায়ের আঙুল ফুলে লাল ও বেগুনি হওয়া, চুলকানি বা ব্যথা কমানোর সহজ উপায় ও চিকিৎসকের পরামর্শ সম্পর্কে জানুন।
ঠান্ডায় আঙুল ফুলে যাওয়া কী এবং কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ঠান্ডা আবহাওয়ায় থাকলে হাত বা পায়ের আঙুলে ছোট, চুলকানিযুক্ত ফোলা বা দাগ হতে পারে। কখনো কখনো মুখমণ্ডল বা পায়েও এটি দেখা যায়।
ঠান্ডায় ত্বকের ভেতরের রক্তনালীগুলো ছোট হয়ে রক্ত চলাচল কমিয়ে দেয়। পরবর্তীতে শরীর গরম হওয়ার সময় যদি ত্বকের গভীরের রক্তনালী ছোট থাকে কিন্তু ওপরের রক্তনালীগুলো দ্রুত প্রসারিত হয়, তখন ব্যথা, চুলকানি ও ত্বকের রঙ পরিবর্তন হয়।
লক্ষণ ও লক্ষণ কমানোর উপায়
ঠান্ডায় আঙুল ফুলে লাল বা বেগুনি হতে পারে। কালচে ত্বকে লালাভ ভাব স্পষ্ট বোঝা না-ও যেতে পারে। সাধারণত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটি একা একাই সেরে যায়। এ সময় ঘরে বসেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়।
- ঠান্ডা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে গেলে গরম, পানি নিরোধক পোশাক, গ্লাভস ও মোটা মোজা পরুন।
- ঠান্ডা থেকে ঘরে ফিরে এলে ত্বক শুকিয়ে নিয়ে ধীরে ধীরে গরম করুন।
- ত্বক চুলকাবেন না বা খুঁচিয়ে চামড়া তুলবেন না।
- চুলকানি শান্ত করার লোশন ব্যবহার করতে চাইলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। তবে গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু ও নিয়মিত ওষুধ খাওয়া রোগীরা যেকোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
যেসব কাজ করা থেকে বিরত থাকবেন
কিছু অভ্যাস রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং আক্রান্ত ত্বকের ক্ষতি বাড়িয়ে দিতে পারে। তাই শীতে হাত-পা ফুলে গেলে এই বিষয়গুলো মেনে চলা অত্যন্ত জরুরি।
- হাত বা পা গরম করতে সরাসরি রেডিয়েটরে রাখবেন না বা গরম পানির নিচে ধরবেন না।
- ধূমপান করা এবং ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া বন্ধ রাখুন।
- বন্ধ নাকের জন্য ব্যবহৃত কোনো ওষুধ সেবন করবেন না, কারণ এগুলো হাত ও পায়ের আঙুলে রক্ত চলাচলে প্রভাব ফেলে।