সিলিয়াক রোগ এমন একটি স্বাস্থ্য সমস্যা যেখানে গ্লুটেন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্ত্রে আক্রমণ করে। এটি সম্পর্কে বিস্তারিত জানুন।
সিলিয়াক রোগ কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, সিলিয়াক রোগ এমন একটি রোগ যেখানে গ্লুটেনযুক্ত খাবার খেলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা অন্ত্রের (ক্ষুদ্রান্ত্র) ক্ষতি করে। এর ফলে শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে না।
গম, যব ও রাই—এই তিনটি শস্যে গ্লুটেন প্রোটিন থাকে। পাস্তা, কেক, বেশিরভাগ রুটি, প্রাতঃরাশের সিরিয়াল এবং কিছু সসে গ্লুটেন পাওয়া যায়। ওটস প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হলেও গমের সংস্পর্শে এলে এতে গ্লুটেনের প্রভাব থাকতে পারে।
- ডায়রিয়া বা পাতলা পায়খানা
- পেটে ব্যথা
- পেট ফাঁপা ও গ্যাস জমা
- হজম সমস্যা ও কোষ্ঠকাঠিন্য
লক্ষণ ও কারণ
গ্লুটেন খাওয়ার ফলে পেটের নানা সমস্যার পাশাপাশি শরীরের সাধারণ স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে। পর্যাপ্ত পুষ্টির অভাবে ক্লান্তি, ওজন হ্রাস এবং ত্বকে চুলকানিযুক্ত ফুসকুড়ি হতে পারে। শিশুদের ক্ষেত্রে ঠিকমতো বৃদ্ধি না হওয়া এবং বয়ঃসন্ধি দেরিতে আসার মতো লক্ষণ দেখা দিতে পারে।
এটি একটি অটোইমিউন রোগ। অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত গ্লুটেনকে ক্ষতিকারক মনে করে আক্রমণ করে। জিনগত ও পরিবেশগত কারণে এই রোগ হতে পারে।
- খাবারের পুষ্টি শোষণে সমস্যা হয়
- গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে
- স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে
- হাত-পায়ের ভারসাম্য রক্ষায় সমস্যা হতে পারে
খাদ্যাভ্যাস পরিবর্তন ও যত্ন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, এই সমস্যার কোনো শতভাগ মুক্তির উপায় নেই। তবে গ্লুটেনমুক্ত খাবার খাওয়া এবং সুষম ও পুষ্টিকর ডায়েট মেনে চললে লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
লক্ষণ হালকা হলেও গ্লুটেনযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। তা না হলে দীর্ঘমেয়াদে রক্তশূন্যতা, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং আরও গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
- গম, যব ও রাই জাতীয় খাবার এড়িয়ে চলুন
- সুষম ও স্বাস্থ্যকর গ্লুটেনমুক্ত খাবার বেছে নিন
- কোন খাবারটি উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা ও নিয়মিত ওষুধ সেবনকারীরা যেকোনো পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নিন