ফেস ব্লাইন্ডনেস হলে মানুষের মুখ চিনতে অসুবিধা হয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) থেকে জানুন ফেস ব্লাইন্ডনেসের লক্ষণ, কারণ ও দৈনন্দিন জীবনে চেনার সহায়ক কিছু উপায়।
ফেস ব্লাইন্ডনেস কী ও এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ফেস ব্লাইন্ডনেস এমন একটি অবস্থা যেখানে মানুষের মুখ চিনতে সমস্যা হয়। এটি হলে আপনি মুখের সব অংশ স্বাভাবিকভাবে দেখতে পেলেও সব মুখ একই রকম মনে হতে পারে।
এই সমস্যা সবার ক্ষেত্রে এক রকম হয় না। কেউ অপরিচিত ব্যক্তিদের চিনতে পারেন না, আবার কেউ কাছের বন্ধু, পরিবারের সদস্য বা এমনকি আয়নায় নিজের মুখও চিনতে কষ্ট পান। মুখ চিনতে না পারার কারণে সম্পর্ক তৈরি করা, কর্মক্ষেত্রে বা স্কুলে সমস্যা হতে পারে। এতে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে এবং সামাজিক দুশ্চিন্তা বা বিষণ্নতা দেখা দিতে পারে।
- অন্যের মুখের অনুভূতি বা অভিব্যক্তি বুঝতে সমস্যা হওয়া
- মানুষের বয়স বা লিঙ্গ চিনতে কষ্ট হওয়া
- টিভি প্রোগ্রাম বা সিনেমার চরিত্র চেনা ও গল্প বোঝা কঠিন হওয়া
- গাড়ি বা পশুপাখি আলাদা করে চিনতে অসুবিধা হওয়া
- যাতায়াতের পথ চিনতে সমস্যা হওয়া
কেন ফেস ব্লাইন্ডনেস হয়?
মস্তিষ্কের যে অংশটি মুখের তথ্য প্রক্রিয়া করে, সেখানে কোনো সমস্যা হলে ফেস ব্লাইন্ডনেস দেখা দেয়। এটি প্রধানত কয়েকটি কারণে হতে পারে।
- ছোটবেলা থেকে মুখ চেনার ক্ষমতা স্বাভাবিকভাবে গড়ে না উঠলে। এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং পরিবারেও থাকতে পারে।
- স্ট্রোক, মাথায় গুরুতর আঘাত, মস্তিষ্কের প্রদাহ বা অ্যালঝেইমারস রোগের কারণে ব্রেন ক্ষতিগ্রস্ত হলে।
- অটিজম থাকলে।
দৈনন্দিন জীবনে চলাফেরার কিছু সহায়ক উপায়
ফেস ব্লাইন্ডনেসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে দৈনন্দিন জীবনে কিছু সহজ কৌশল মেনে চললে মানুষকে চিনতে সুবিধা হয়।
- কারো সাথে দেখা করার আগেই নিজের এই সমস্যার কথা প্রকাশ করুন।
- কাছের মানুষদের বলুন অন্য কাউকে চিনে নিতে আপনাকে সাহায্য করতে।
- কাউকে কুশল জানানোর সময় তাকে নাম বলে পরিচয় দিতে অনুরোধ করুন।
- মানুষের কণ্ঠস্বর বা অঙ্গভঙ্গি খেয়াল করে আলাদা করার চেষ্টা করুন।
- চুলের স্টাইল, গহনা বা বিশেষ কোনো অনুষঙ্গ দেখে মানুষকে মনে রাখুন।
- কাজের জায়গায় সহকর্মীদের নাম ও তারা কোথায় বসেন তার তালিকা তৈরি করে রাখুন।