সমুদ্রে জেলিফিশ বা সামুদ্রিক প্রাণীর হুল ফুটলে কী করবেন এবং সঠিক প্রাথমিক চিকিৎসা কীভাবে নেবেন, সে সম্পর্কে জরুরি তথ্যগুলো জেনে নিন।
সামুদ্রিক প্রাণীর হুল ও এর সাধারণ লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, সমুদ্রে জেলিফিশ বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর হুল ফোটার ঘটনা ঘটতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো খুব মারাত্মক হয় না এবং সাধারণ প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই সামলানো যায়।
হুল ফুটলে প্রধানত আক্রান্ত স্থানে তীব্র ব্যথা এবং চুলকানিযুক্ত লাল দাগ বা র্যাশ দেখা দিতে পারে। কিছু কিছু জেলিফিশের হুল ফুটলে ত্বকে ফোলা চাকাও তৈরি হতে পারে।
হুল ফুটলে করণীয় ও বর্জনীয়
হুল ফুটলে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। সমুদ্রসৈকতে কোনো উদ্ধারকারী বা স্বাস্থ্যকর্মী থাকলে দ্রুত তাদের সাহায্য নিন।
- আক্রান্ত স্থানে ভালো করে সমুদ্রের নোনা পানি ঢালুন। সাধারণ পানি দিয়ে ধোবেন না।
- ত্বকের ওপর লেগে থাকা কাঁটা বা হুল খালি হাতে স্পর্শ না করে চিমটা অথবা এটিএম কার্ডের প্রান্ত দিয়ে তুলে ফেলুন।
- আক্রান্ত স্থান অন্তত ৩০ মিনিট সহ্য করার মতো গরম পানিতে ডুবিয়ে রাখুন। এটি ব্যথা কমাতে সাহায্য করে।
- ব্যথা হলে কোন ব্যথানাশক খাওয়া উপযুক্ত, তা ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। তবে গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু বা নিয়মিত অন্যান্য ওষুধ খাওয়া ব্যক্তিরা কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
- ক্ষত স্থানে বরফ দেবেন না, প্রস্রাব করবেন না এবং আঘাতের জায়গাটি ব্যান্ডেজ দিয়ে বন্ধ করে রাখবেন না।
সমুদ্রে নিরাপদে থাকার উপায়
সমুদ্রে নামার সময় কিছু সতর্কতা অবলম্বন করলে সামুদ্রিক প্রাণীর কামড় বা আঘাত থেকে বেঁচে থাকা সম্ভব।
- সমুদ্রসৈকতের সতর্কতামূলক চিহ্ন দেখে পানি ও পাড়ে চলাফেরা করুন।
- সাঁতার কাটার সময় বিশেষ সুরক্ষা পোশাক পরে পানিতে নামতে পারেন।
- অগভীর পানি বা পাথুরে জায়গায় হাঁটার সময় শক্ত জুতা বা স্যান্ডেল পরুন।
- অগভীর পানিতে হাঁটার সময় পা কিছুটা ঘষে বা শব্দ করে চলুন, যেন প্রাণীরা সতর্ক হয়ে সরে যায়।
- যেকোনো সামুদ্রিক প্রাণী দেখা গেলে তা ধরা বা ছোঁয়ার চেষ্টা করবেন না।