সর্দি-জ্বরের পর গলা বসে যাওয়া, স্বর ভাঙা বা কথা বন্ধ হয়ে যাওয়া ল্যারিঞ্জাইটিসের লক্ষণ। ঘরে কীভাবে আরাম পাবেন, কী করবেন না আর কখন চিকিৎসক দেখাবেন, জেনে নিন।
ল্যারিঞ্জাইটিস কী, লক্ষণ কেমন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, গলার স্বরযন্ত্র বা স্বরতন্ত্রী ফুলে গেলে বা জ্বালা করলে তাকে ল্যারিঞ্জাইটিস বলে। এটা সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে নিজে থেকেই চলে যায়।
সাধারণত হঠাৎ শুরু হয় আর প্রথম ৩ দিনে বাড়তে থাকে। সর্দি বা ফ্লুর সঙ্গে প্রায়ই হয়, তাই অন্য লক্ষণও থাকতে পারে। শিশুদের ৩৮ ডিগ্রি বা বেশি জ্বর আসতে পারে, খাওয়া-দাওয়া কমে যেতে পারে, খুব কম ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে।
- গলা বসে যাওয়া বা কর্কশ স্বর
- কখনো কখনো কথা একদম বন্ধ হয়ে যাওয়া
- বিরক্তিকর কাশি, যা যেতে চায় না
- বারবার গলা খাঁকারি দেওয়ার দরকার হওয়া
- গলাব্যথা
কেন হয়
সাধারণত সর্দি বা ফ্লুর মতো ভাইরাসের সংক্রমণ থেকে ল্যারিঞ্জাইটিস হয়। ফ্লুর টিকা ফ্লু প্রতিরোধে সাহায্য করে।
- ধুলো বা ধোঁয়ার প্রতি অ্যালার্জি
- পাকস্থলীর অ্যাসিড গলায় উঠে আসা
- দীর্ঘদিন ধরে কাশি
- সারাক্ষণ গলা খাঁকারি দেওয়া
ঘরে যা করবেন, যা করবেন না
বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে হয় না। কিছু সহজ কাজ আরাম দিতে পারে।
লবণ-পানির গড়গড়া: এক গ্লাস গরম পানিতে আধা চা-চামচ লবণ গুলে নিন। গড়গড়া করে ফেলে দিন, গিলবেন না। যতবার ইচ্ছা করতে পারেন। ছোট শিশুদের জন্য এটা উপযুক্ত নয়।
- যতটা সম্ভব কম কথা বলুন
- প্রচুর পানি ও তরল খান
- ঘরে পানির বাটি রেখে বাতাস আর্দ্র রাখুন, এসি বাতাস শুকিয়ে দেয়
- জোরে কথা বলবেন না, ফিসফিসও করবেন না, দুটোই গলায় চাপ ফেলে
- ধূমপান করবেন না, ধোঁয়া বা ধুলোর জায়গায় থাকবেন না
- বেশি চা-কফি বা মদ খাবেন না, এতে শরীরে পানি কমে
ওষুধ ও চিকিৎসকের পরামর্শ
গলাব্যথার জন্য ফার্মাসিস্ট ব্যথার ওষুধ, কাশির সিরাপ, গড়গড়ার দ্রবণ বা চোষার বড়ির পরামর্শ দিতে পারেন। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী বা স্তন্যদানকারী মা, শিশু আর নিয়মিত ওষুধ খান এমন মানুষ আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
চিকিৎসক কারণ খুঁজতে ছোট আয়না দিয়ে গলার ভেতর দেখতে পারেন, তুলা দিয়ে গলার নমুনা নিতে পারেন বা রক্ত পরীক্ষা করাতে পারেন। বারবার হলে নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারেন। জীবাণুর সংক্রমণ হলে জীবাণুনাশক ওষুধ দিতে পারেন।
- নিজে থেকে জীবাণুনাশক ওষুধ খাবেন না
- ২ সপ্তাহ পরেও না কমলে চিকিৎসক দেখান
- বারবার গলা বসে গেলে চিকিৎসকের কাছে যান