শ্বেত রক্তকণিকা কমে গেলে ঘন ঘন ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি বাড়ে। জেনে নিন এর কারণ, লক্ষণ এবং ইনফেকশন এড়াতে কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন।
শ্বেত রক্তকণিকা কমে যাওয়া কী ও কেন হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, শরীরে শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার মানে হলো শরীর পর্যাপ্ত পরিমাণে এই রক্তকণিকা তৈরি করতে পারছে না। এর ফলে নানা ধরনের ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। নিউট্রোপেনিয়া এবং অ্যাগ্রানুলোসাইটোসিস হলো দুটি শারীরিক অবস্থা যা শ্বেত রক্তকণিকা কমিয়ে দেয়।
শরীরে শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে এটি শনাক্ত করা হয়।
- ক্যান্সারের চিকিৎসা, যেমন রেডিওথেরাপি ও কেমোথেরাপি
- অ্যান্টাইসাইকোটিক বা থাইরয়েড আধিক্যের চিকিৎসা
- লিউকিমিয়ার মতো কিছু ক্যান্সার
- এইচআইভি বা হেপাটাইটিসের মতো ইনফেকশন
- রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগ
উপসর্গ ও চিকিৎসার সাধারণ ধারণা
শ্বেত রক্তকণিকা কমে গেলে সব সময় স্পষ্ট উপসর্গ বোঝা যায় না। এর মূল লক্ষণ হলো বারবার ইনফেকশনে আক্রান্ত হওয়া। কখনো কখনো ইনফেকশন থেকে সেপসিস নামের জীবনঘাতী জটিলতা দেখা দিতে পারে।
এর চিকিৎসা মূলত মূল কারণের ওপর নির্ভর করে। চিকিৎসায় প্রায়ই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। কোনো ওষুধের কারণে এমন হলে চিকিৎসকের পরামর্শে তা পরিবর্তন করা হতে পারে। শ্বেত রক্তকণিকা বাড়ানোর জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে। গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু বা নিয়মিত ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- উচ্চ তাপমাত্রা, শরীর গরম বা ঠান্ডা লাগা অথবা কাঁপুনি
- গলা ব্যথা ও বারবার মুখে ঘা হওয়া
- দাঁতে ব্যথা ও ত্বকে র্যাশ ওঠা
- ক্লান্তি ও ফ্লু বা সর্দিকাশির মতো লক্ষণ
সংক্রমণ এড়াতে কী করবেন ও কী করবেন না
অসুখ, ক্যান্সারের চিকিৎসা বা ওষুধের কারণে শ্বেত রক্তকণিকা কমে গেলে ইনফেকশন এড়িয়ে চলতে বিশেষ কিছু নিয়ম মেনে চলা জরুরি।
- অসুস্থ ব্যক্তির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন এবং নিয়মিত সাবান ও গরম পানি দিয়ে হাত ধোন
- খাবার সঠিকভাবে সংরক্ষণ ও রান্না করুন এবং সাধারণ রেজরের বদলে ইলেকট্রিক শেভার ব্যবহার করুন
- কাঁচা মাংস, সামুদ্রিক মাছ বা কাঁচা ডিম খাবেন না এবং খালি পায়ে বাইরে হাঁটা থেকে বিরত থাকুন
- খাবার, গ্লাস, টুথব্রাশ বা মেকআপ শেয়ার করবেন না এবং বিড়ালের বর্জ্য বা ডায়াপার পরিবর্তন করবেন না
- পুকুর, নদী বা হ্রদের পানিতে সাঁতার কাটবেন না এবং যৌথ ব্যবহারের হট টাব এড়িয়ে চলবেন