আঙুলের ডগায় আঘাত লাগলে এর ডগা বেঁকে যেতে পারে এবং সোজা করা যায় না। একে ম্যালেট ফিঙ্গার বলে। এর লক্ষণ ও সঠিক যত্নের উপায় সম্পর্কে জেনে নিন।
ম্যালেট ফিঙ্গার কী এবং কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, আঙুলের ডগায় আঘাত লাগার কারণে এই সমস্যাটি ঘটে, যার ফলে আঙুলের শেষের অংশটি বেঁকে যায়। সাধারণত খেলাধুলার সময় এই ধরনের আঘাত বেশি দেখা যায়।
এই আঘাত পেলে আঙুলের ডগাটি নিজে থেকে সোজা করা যায় না। এর পাশাপাশি আঙুলে ব্যথা বা স্পর্শকাতরতা থাকতে পারে, এবং আঙুল ফুলে যেতে পারে বা কালশিটে পড়তে পারে।
চিকিৎসকের কাছে যাওয়ার আগে ও পরে করণীয়
আঙুলে আঘাত পাওয়ার পর ডগা বেঁকে গেলে দ্রুত চিকিৎসক বা কাছের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। তবে চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে নিজে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারেন।
- হাত ওপরের দিকে তুলে রাখুন, এতে আঙুলের ফোলা ভাব কমতে সাহায্য করে।
- আঙুলে কোনো আংটি থাকলে তা সাথে সাথে খুলে ফেলুন।
- ব্যথা কমানোর ওষুধের ক্ষেত্রে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। তবে গর্ভবতী, দুগ্ধদানকারী মা, শিশু বা নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তিরা যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- হাসপাতালে গেলে চিকিৎসক বা নার্স আঙুলে টেপ দিয়ে একটি স্প্লিন্ট লাগিয়ে দেবেন, যা আঙুলকে সোজা রাখবে। তবে খেয়াল রাখবেন স্প্লিন্ট যেন না ভেজে, কারণ ভিজে গেলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত এটি ৮ সপ্তাহ পরতে হয়।
আঙুল ও স্প্লিন্ট পরিষ্কার করার সঠিক নিয়ম
প্রতিদিন নিয়ম করে আঙুল ও স্প্লিন্ট পরিষ্কার করতে হবে। স্প্লিন্ট খোলার সময় আঙুলটি যেন সোজা থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। এ কাজে অন্য কারোর সাহায্য নিলে ভালো হয়।
- একটি টেবিলের ওপর আঘাতপ্রাপ্ত আঙুলটি সোজা করে রাখুন।
- টেপ কেটে খুব সাবধানে স্প্লিন্টটি বের করে আনুন।
- সাবান ও পানি দিয়ে আঙুল এবং স্প্লিন্ট ধুয়ে নিন।
- ধোয়ার পর আঙুল ও স্প্লিন্ট ভালোভাবে শুকিয়ে নিন।
- আঙুল সোজা রেখেই আবার স্প্লিন্টটি আগের জায়গায় বসিয়ে দিন এবং নতুন টেপ দিয়ে আটকে দিন। খেয়াল রাখবেন যেন আঘাতপ্রাপ্ত জোড়টি না নড়তে পারে।
সুস্থ হতে কত দিন লাগে এবং কী করা যাবে না?
ম্যালেট ফিঙ্গার পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে। প্রথম দিকে ব্যথা, ফোলা ভাব বা লালচে ভাব থাকা স্বাভাবিক। আঘাত পাওয়ার ৬ থেকে ৮ সপ্তাহ পর চিকিৎসক আঙুলের কিছু ব্যায়াম দিতে পারেন। কাজ ভেদে কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হতে পারে। খুব কম ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়।
- আঙুল কোনোভাবেই বাঁকাবেন না, কারণ এতে আঘাত ঠিক হবে না।
- হাত ব্যবহার করতে হয় এমন কোনো খেলাধুলা বা ব্যায়াম করা থেকে বিরত থাকুন।