নাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার এবং এর লক্ষণ, ঝুঁকি ও চিকিৎসা সম্পর্কে সংক্ষেপে জানুন। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার কী?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার হলো এক ধরনের বিরল ক্যানসার। এটি নাকের পিছনের অংশ এবং গলার ওপরের অংশের সংযোগস্থলে তৈরি হয়।
প্রথম দিকে এর স্পষ্ট লক্ষণ না-ও থাকতে পারে। অনেক সময় ক্যানসার অগ্রসর হলে লক্ষণগুলো প্রকাশ পায়।
- এটি গলার অন্যান্য ক্যানসার থেকে আলাদা।
- নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।
- সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সে এটি বেশি শনাক্ত হয়।
লক্ষণ ও ঝুঁকির কারণসমূহ
এই ক্যানসারের লক্ষণগুলো অন্যান্য সাধারণ রোগের মতোই মনে হতে পারে। তবে লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হলে অবহেলা করা যাবে না।
সঠিক কারণ জানা না গেলেও অতিরিক্ত লবণাক্ত মাংস বা মাছ খাওয়া, ধুলোবালি ও কেমিক্যালের সংস্পর্শ এবং পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। এছাড়া HPV ও EBV ভাইরাসের সংক্রামণকেও ঝুঁকির কারণ মনে করা হয়।
- ঘাড়ে ফোলা বা চাকা যা ৩ সপ্তাহেও কমে না।
- এক কানে শুনতে সমস্যা হওয়া বা কানে ভনভন শব্দ হওয়া।
- একপাশের নাক বন্ধ থাকা বা নাক দিয়ে রক্ত পড়া।
- মাথাব্যথা, গিলতে সমস্যা, কণ্ঠস্বর ভেঙে যাওয়া এবং অহেতুক ওজন কমে যাওয়া।
রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি
লক্ষণ থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজন মনে করলে তিনি বিশেষ ক্যামেরা দিয়ে নাক-গলা পরীক্ষা করা বা বায়োপসির পরামর্শ দিতে পারেন।
এই ক্যানসারের চিকিৎসায় সাধারণত রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়। ধূমপানের অভ্যাস থাকলে তা অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত, কারণ এটি চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দেয়। গর্ভবতী, স্তন্যদানকারী মা বা অন্য রোগে আক্রান্ত ব্যক্তি যেকোনো ওষুধের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- রেডিওথেরাপির মাধ্যমে ক্ষতিকর কোষ ধ্বংস করার চেষ্টা করা হয়।
- কেমোথেরাপিতে শিরার মাধ্যমে ওষুধ দেওয়া হতে পারে।
- আক্রান্ত স্থানে পৌঁছানো কঠিন বলে সাধারণত অস্ত্রোপচার করা হয় না।