হৃদপিণ্ডের বাইরের আবরণের প্রদাহের কারণে বুকে তীব্র ব্যথা হতে পারে। এর লক্ষণ, কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
পেরিকার্ডাইটিস কী ও এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, হৃদপিণ্ডের বাইরে তরল ভরা একটি সুরক্ষাকবচ বা থলি থাকে। সেখানে প্রদাহ হলে তাকে পেরিকার্ডাইটিস বলা হয়। এটি সাধারণত কোনো মারাত্মক রোগ নয়, তবে কখনো কখনো জটিলতা তৈরি করতে পারে। সর্দি বা ফ্লু এর মতো ভাইরাসের সংক্রমণের পর এই সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।
- বুকে তীব্র বা সূঁচ ফোটার মতো ব্যথা অনুভব করা।
- ব্যথা কাঁধ, হাত বা পেটের দিকে ছড়িয়ে পড়া।
- গভীর শ্বাস নিলে, খাবার গিললে, কাশি দিলে বা শুয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়া।
- সোজা হয়ে বসলে বা সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথা কিছুটা কম লাগা।
- এর পাশাপাশি জ্বর, কাশি কিংবা শরীরে ব্যথা অনুভব হওয়া।
পরীক্ষা ও সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি
পেরিকার্ডাইটিসে আক্রান্ত হলে বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই ভালো বোধ করেন। হৃদপিণ্ডের পরিবর্তিত শব্দ শুনে বা কিছু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা রোগটি নিশ্চিত করেন।
- চিকিৎসক বুক পরীক্ষা করার পাশাপাশি রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে বা ইসিজি করাতে পারেন।
- উপসর্গ ও কারণের ওপর ভিত্তি করে ব্যথানাশক বা অন্যান্য ওষুধ লাগতে পারে। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং নিয়মিত অন্য কোনো ওষুধ খাচ্ছেন এমন ব্যক্তিরা যেকোনো ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা ও যা করা উচিত নয়
বুকে ব্যথার লক্ষণ দেখা দিলে শুরুতেই সচেতন হতে হবে। অনেক সময় বুকের ব্যথা থেকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
- বুকে হঠাৎ তীব্র চাপ বা ভাব অনুভব করলে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না।
- অন্য কারো সাহায্য নিয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে যেকোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।