হাত-পা মচকালে বা পেশিতে টান লাগলে প্রাথমিক পর্যায়ে ঘরেই কিছু যত্ন নেওয়া সম্ভব। এই বিষয়ে প্রয়োজনীয় নিয়ম ও সতর্কতা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
মচকে যাওয়া এবং পেশিতে টান লাগার লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, হঠাৎ হাত-পা মচকে যাওয়া বা পেশিতে টান লাগা খুব সাধারণ ঘটনা। সাধারণত গোঁড়ালি, কবজি, হাঁটু, পিঠ ও পায়ের পেশিতে এই সমস্যা বেশি দেখা যায়।
হাড়ের জোড়ের সংযোগস্থলে আঘাত লাগলে মচকে যায় এবং পেশি অতিরিক্ত টেনে ধরলে টান লাগে। দুটি ক্ষেত্রেই প্রাথমিক লক্ষণগুলো প্রায় একই রকম হয়ে থাকে।
- আক্রান্ত স্থানে ব্যথা, স্পর্শ করলে কষ্ট হওয়া বা দুর্বলতা অনুভব করা।
- আঘাতের জায়গাটি ফুলে যাওয়া বা কালশিটে পড়া।
- আক্রান্ত অংশে চাপ দেওয়া বা সাধারণ নাড়াচাড়া করতে না পারা।
- পেশিতে হঠাৎ টান ধরা বা শক্ত হয়ে ব্যথা হওয়া।
ঘরে প্রাথমিক পরিচর্যার সহজ নিয়ম
মচকে যাওয়ার প্রথম ২ থেকে ৩ দিন আঘাতপ্রাপ্ত স্থানটির সুরক্ষায় ও ফোলা কমাতে বিশেষ নিয়ম মেনে চলুন। একে সংক্ষেপে ৫টি ধাপে ভাগ করা যায়।
ব্যথা বা ফোলা ভাব কমাতে ব্যথানাশক ওষুধ বা জেল ব্যবহার করতে চাইলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। তবে গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- সুরক্ষা: আঘাত পাওয়া জায়গাটি সুরক্ষায় সাপোর্ট বা আরামদায়ক জুতো ব্যবহার করুন।
- বিশ্রাম: আঘাত পাওয়া অঙ্গ দিয়ে ভারী কাজ বা ব্যায়াম বন্ধ রাখুন।
- বরফ: পাতলা তোয়ালেতে বরফ পেঁচিয়ে প্রতি ২ থেকে ৩ ঘণ্টা পর পর সর্বোচ্চ ২০ মিনিট সেক দিন।
- ব্যান্ডেজ: ফোলা নিয়ন্ত্রণে দিনে আঘাতের স্থানে নরম ব্যান্ডেজ পেঁচিয়ে রাখুন।
- উঁচু করে রাখা: আঘাত পাওয়া হাত বা পা সম্ভব হলে বালিশের ওপর উঁচু করে রাখুন।
যা করা যাবে না এবং সেরে ওঠার উপায়
প্রথম কয়েক দিন কিছু ভুল কাজ এড়িয়ে চললে আঘাত দ্রুত স্বাভাবিক হতে সাহায্য পায়। ফোলা ভাব কমে এলে ধীরে ধীরে অঙ্গটি হালকা নাড়াচাড়া করা উচিত।
- প্রথম ২ দিন গরম পানি, হট প্যাক, মালিশ বা অ্যালকোহল ব্যবহার থেকে বিরত থাকুন, এগুলো ফোলা বাড়িয়ে দেয়।
- ব্যথা পুরোপুরি না কমা পর্যন্ত দৌড়ানো বা ভারী ব্যায়াম অন্তত ৮ সপ্তাহ বন্ধ রাখুন।
- ব্যথা একটু কমলে জোড় বা পেশি যাতে শক্ত না হয়ে যায়, সেজন্য সামান্য নাড়াচাড়া শুরু করুন।