দাঁতব্যথা হলে ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে কী করবেন এবং কোন লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে তা জেনে নিন।
দাঁতব্যথা হলে কী করবেন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, দাঁতব্যথা দুই দিনের বেশি স্থায়ী হলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। ডেন্টিস্ট ব্যথার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে ব্যথা কমাতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।
- ব্যথানাশক ওষুধ খেতে পারেন। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।
- মুখে ব্যবহারের ব্যথানাশক জেল ব্যবহার করতে পারেন, যা ফার্মাসি বা সুপারমার্কেটে পাওয়া যায়। গর্ভবতী, স্তন্যদানকারী মা ও নিয়মিত ওষুধ সেবনকারীরা চিকিৎসকের পরামর্শ নিন।
- লবণ পানিতে মুখ কুলকুচি করতে পারেন (শিশুদের এটি থেকে বিরত রাখুন)।
- দই বা ডিমের ভুজিয়ার মতো নরম খাবার খান এবং ব্যথাবিহীন পাশে চিবানোর চেষ্টা করুন।
- নরম ব্রাশ ব্যবহার করুন এবং ব্যথার জায়গায় ফ্লস করা এড়িয়ে চলুন।
যা করা যাবে না
দাঁতের সমস্যা বাড়াতে পারে এমন কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি।
- মিষ্টি, খুব গরম বা ঠান্ডা খাবার খাবেন না।
- ধূমপান করবেন না, কারণ এটি কিছু দাঁতের সমস্যা আরও খারাপ করতে পারে।
লবণ পানি দিয়ে কুলকুচি করার নিয়ম
লবণ পানি মুখ ও দাঁতের ব্যথায় আরাম দিতে পারে।
- এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিন।
- এই দ্রবণ দিয়ে মুখ কুলকুচি করে ফেলে দিন, কোনোভাবেই গিলবেন না।
- প্রয়োজনমতো এটি বারবার করতে পারেন।
দাঁতব্যথার কারণ ও প্রতিরোধ
দাঁত ক্ষয়, ডেন্টাল অ্যাবসেস, ফাটা দাঁত, ভাঙা ফিলিং, ইনফেকশন, মাড়ির রোগ বা দাঁত কড়মড় করার কারণে দাঁতব্যথা হতে পারে। দাঁত ও মাড়ি সুস্থ রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সবচেয়ে ভালো।
- নিয়মিত দাঁতের চেকআপ করান।
- চিনিযুক্ত খাবার ও পানীয় কম খান।
- ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দিনে দুবার প্রায় দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করুন।
- প্রতিদিন ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করুন।