হাতের আঙুল ও মুখে ঝিনঝিন করা হাইপোপ্যারাথাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী এই রোগটি সম্পর্কে জানুন।
হাইপোপ্যারাথাইরয়েড কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, হাইপোপ্যারাথাইরয়েড হলো একটি বিরল স্বাস্থ্য সমস্যা, যা ঘাড়ের ছোট গ্রন্থির সমস্যার কারণে হয়ে থাকে। একে সংক্ষেপে হাইপোপ্যারাও বলা হয়।
এই গ্রন্থিগুলো শরীরের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো ঠিকমতো কাজ না করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা খুব কমে যেতে পারে। ফলে হাড়, পেশি ও স্নায়ুর কাজে সমস্যা দেখা দিতে পারে।
- সাধারণত ঘাড় বা মাথার অস্ত্রোপচারের সময় এই গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
- রোগপ্রতিরোধ ব্যবস্থার সমস্যার কারণেও এটি হতে পারে।
- কিছু বিরল জিনগত কারণেও এই সমস্যা হতে পারে।
লক্ষণ ও উপসর্গ
শরীরে ক্যালসিয়াম কমে গেলে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। প্রথম দিকে সাধারণ কিছু পরিবর্তন লক্ষ করা যায়।
- আঙুল, পায়ের পাতা ও মুখে ঝিনঝিন বা জ্বালাপোড়া অনুভূতি হওয়া।
- পেশিতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং খিঁচুনি ধরা।
- পেটে ব্যথা এবং নখ ভঙ্গুর হয়ে যাওয়া।
- চুল ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং চোখে ছানি পড়া।
চিকিৎসা ও খাদ্যাভ্যাস
এই সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করতে হয়। সাধারণত দীর্ঘ সময় বা আজীবন এই নিয়ম মেনে চলতে হয়।
কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং যারা নিয়মিত ওষুধ খান, তাদের যেকোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- দুধ ও দুগ্ধজাত খাবার, শাকসবজি, সয়াবিন ও টোফুর মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া।
- লাল মাংস এবং পাস্তা বা সাদা রুটির মতো স্টার্চযুক্ত খাবার কম খাওয়া বা এড়িয়ে চলা।
- শরীরের ক্যালসিয়ামের মাত্রা ঠিক আছে কিনা তা দেখতে নিয়মিত রক্ত পরীক্ষা করা।