গর্ভনিরোধক পিল বা জন্মনিয়ন্ত্রণ বড়ি সঠিকভাবে ব্যবহার করলে গর্ভধারণ রোধে এটি অত্যন্ত কার্যকর। তবে এর বিভিন্ন উপকারিতার পাশাপাশি কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ও শারীরিক ঝুঁকিও রয়েছে।
গর্ভধারণ রোধে নারীদের অন্যতম পরিচিত মাধ্যম হলো মুখে খাওয়ার গর্ভনিরোধক পিল বা জন্মনিয়ন্ত্রণ বড়ি। এতে মূলত ইস্ট্রোজেন (oestrogen) ও প্রজেস্টোজেন (progestogen) নামের হরমোন থাকে। এটি প্রধানত তিনটি উপায়ে কাজ করে—জরায়ুমুখের মিউকাস (জরায়ুমুখের শ্লেষ্মা) ঘন করে শুক্রাণু প্রবেশ আটকে দেয়, জরায়ুর ভেতরের আবরণ তৈরি ধীর করে এবং পিটুইটারি হরমোন আটকে ডিম্বস্ফোটন (ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমন) বন্ধ করে। সঠিকভাবে ব্যবহার করলে এটি ৯৯ শতাংশের বেশি কার্যকর। তবে এটি কনডমের মতো যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ করতে পারে না।
পিল ব্যবহারের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এটি অনিয়মিত মাসিক নিয়মিত করে, মাসিকের তীব্র ব্যথা ও অতিরিক্ত রক্তপাত কমায় এবং রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ব্রণ ও এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা উন্নত করতে পারে। গবেষণায় দেখা গেছে, পিল ব্যবহার করলে ডিম্বাশয় (ওভারি) ও এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি কমে।
পিল ব্যবহার শুরুর প্রথম কয়েক মাসে কিছু সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন—বমি বমি ভাব, স্তনে ব্যথা, শরীরে অতিরিক্ত লোম গজানো, অনিয়মিত রক্তপাত, খিটখিটে মেজাজ, যৌন অনুভূতি কমে যাওয়া, পেট ফোলাভাব ও ওজন বৃদ্ধি। সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঠিক হয়ে যায় বা পিলের মাত্রা ও ধরণ পরিবর্তন করলে কমে আসে।
কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকলে পিল খাওয়া নিরাপদ নাও হতে পারে। যেমন—উচ্চ রক্তচাপ, হূদরোগ, স্ট্রোক, বিশেষ ধরণের মাইগ্রেন, স্তন ক্যানসারের ইতিহাস কিংবা রক্ত জমাট বাঁধার (থ্রম্বোসিস) ঝুঁকি বা স্থূলতা থাকলে পিল এড়িয়ে চলা উচিত। এছাড়া ৩৫ বছরের বেশি বয়সী নারী যারা ধূমপান করেন বা স্থূলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। যক্ষ্মার ওষুধ রিফাম্পিসিন (rifampicin) বা মৃগীরোগের ওষুধ পিলের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
মনে রাখবেন, যেকোনো স্বাস্থ্যগত সিদ্ধান্তের জন্য নিজের চিকিৎসকের দেওয়া কোনো চিকিৎসা বন্ধ করবেন না। আপনার শরীর ও বর্তমান শারীরিক অবস্থার জন্য পিল বা অন্য কোনো মাধ্যম সঠিক কি না, তা জানতে এবং উপযুক্ত পরামর্শ পেতে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
সূত্র: The Conversation — Women's Health