গর্ভবতী হওয়ার প্রাথমিক কিছু লক্ষণ যেমন মাসিক বন্ধ হওয়া, বমি ভাব বা শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
গর্ভধারণের প্রাথমিক লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। তবে প্রতিটি গর্ভাবস্থা আলাদা হওয়ায় সবার ক্ষেত্রে সব লক্ষণ দেখা নাও যেতে পারে।
- মাসিক বন্ধ হওয়া বা নির্ধারিত সময়ে ফোঁটা ফোঁটা হালকা রক্তপাত হওয়া
- দিনে বা রাতে যেকোনো সময় বমি ভাব বা বমি হওয়া
- স্বাভাবিক কাজের পরও অতিরিক্ত ক্লান্তি অনুভব করা
শারীরিক পরিবর্তন ও অন্যান্য উপসর্গ
গর্ভধারণের পর শরীরে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক।
- স্তন নরম বা ভারী হওয়া এবং ব্যথা অনুভব করা
- কোনো রকম অস্বস্তি বা ব্যথা ছাড়াই স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া
- কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া এবং যোনিপথে অতিরিক্ত সাদা স্রাব হওয়া
- মুখে ধাতব স্বাদ অনুভব করা অথবা নির্দিষ্ট কিছু গন্ধে সংবেদনশীলতা বাড়া
- খাবারে নতুন করে অরুচি তৈরি হওয়া বা বিশেষ খাবারের প্রতি তীব্র আকর্ষণ জন্মানো
- মেজাজের পরিবর্তন হওয়া বা নানা ধরনের আবেগ কাজ করা
পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ
আপনার গর্ভধারণের সন্দেহ হলে প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হতে পারেন। এটি কাছের স্বাস্থ্যকেন্দ্র বা ফার্মেসি থেকে পাওয়া যায়। টেস্ট পজিটিভ হলে আপনার ও শিশুর স্বাস্থ্যের যত্নে চিকিৎসকের পরামর্শ নিন।
- গর্ভধারণ নিশ্চিত হলে চিকিৎসকের কাছে গিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা শুরু করুন
- যেকোনো শারীরিক সমস্যায় কাছের হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন