শিশুর জ্বর মাপার সঠিক নিয়ম এবং তাপমাত্রা পরিমাপের উপায় জানুন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী।
শিশুর জ্বর বোঝার উপায়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, শিশুদের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যা একটু এদিক-সেদিক হতে পারে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাকে সাধারণত জ্বর বলা হয়।
- পিঠ বা বুকে হাত দিলে স্বাভাবিকের চেয়ে বেশি গরম লাগলে।
- শরীর ঘর্মাক্ত বা স্যাঁতসেঁতে মনে হলে।
- গাল লালচে হয়ে গেলে।
সঠিক নিয়মে তাপমাত্রা মাপা
দ্রুত ও সঠিক ফলাফল পেতে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা আদর্শ। ৫ বছরের কম বয়সি শিশুদের বগলে থার্মোমিটার ব্যবহার করতে হবে।
- শিশুকে কোলের মধ্যে আরামে ধরে রাখুন।
- নির্দেশিকা অনুযায়ী প্রায় ১৫ সেকেন্ড বগলে থার্মোমিটার ধরে রাখুন।
- কিছু ডিজিটাল থার্মোমিটার প্রস্তুত হলে শব্দ করে।
সঠিক তাপমাত্রা পাওয়ার উপায় ও সতর্কতা
কিছু কারণে তাপমাত্রার মাপে সামান্য তারতম্য হতে পারে। যেমন অতিরিক্ত কাপড় পরা, গরম ঘরে থাকা বা গোসল করা। এমন হলে শিশুকে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন, তবে যেন শীত না লাগে।
- কানে ব্যবহারের থার্মোমিটার দ্রুত কাজ করলেও ভুলভাবে ব্যবহার করলে ভুল ফল দিতে পারে।
- কপালের স্ট্রাইপ থার্মোমিটার শরীরের ভেতরের তাপমাত্রা না দেখিয়ে ত্বকের তাপমাত্রা দেখায়, তাই এটি সঠিক নয়।
- পারদযুক্ত পুরনো কাঁচের থার্মোমিটার কখনো ব্যবহার করবেন না।