শিশুর জ্বরে খিঁচুনি হলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে জানুন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী জানুন বিস্তারিত।
শিশুর জ্বরে খিঁচুনি কী এবং লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, শিশুর উচ্চ তাপমাত্রা বা জ্বর থাকলে অনেক সময় খিঁচুনি হতে পারে। এটি দেখতে ভয়ের মনে হলেও সাধারণত এটি গুরুতর নয় এবং এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব থাকে না।
সাধারণত ৬ মাস থেকে ৬ বছর বয়সি শিশুদের এটি হতে পারে। খিঁচুনি সাধারণত ২ থেকে ৩ মিনিট স্থায়ী হয় এবং ১০ মিনিটের বেশি স্থায়ী হওয়া খুবই বিরল।
- শরীর শক্ত হয়ে যাওয়া এবং কাঁপুনি বা ঝাঁকুনি দেওয়া
- অজ্ঞান হয়ে যাওয়া বা কথা বললে সাড়া না দেওয়া
- বমি করা বা প্রস্রাব করে ফেলা
- খিচুনির পর ১ ঘণ্টা পর্যন্ত ঘুম ঘুম ভাব বা বিভ্রান্ত থাকা
খিঁচুনি হলে যা করবেন এবং যা করবেন না
আপনার শিশুর খিঁচুনি হলে তাকে নিরাপদ রাখা জরুরি। এই সময়ে কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত।
- খিঁচুনি শুরু ও শেষের সময় খেয়াল রাখুন
- হাত দিয়ে বা নরম কিছু দিয়ে শিশুর মাথা সুরক্ষিত রাখুন
- কাছাকাছি থাকা বিপজ্জনক বস্তু সরিয়ে ফেলুন
- খিঁচুনি থামার পর শিশুকে রিকভারি পজিশনে রাখুন এবং মুখ বা গলা পরিষ্কার রাখুন
- শিশুকে নাড়াচাড়া বা চেপে ধরে রাখার চেষ্টা করবেন না
- শিশুর মুখে কোনো কিছু দেবেন না
- ঠান্ডা পানি দিয়ে গা মোছানো বা কাপড় খুলে তাপমাত্রা কমানোর চেষ্টা করবেন না
চিকিৎসা ও পরীক্ষা
বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের খিঁচুনি চিকিৎসার প্রয়োজন হয় না। তবে প্রথমবার খিঁচুনি হলে শিশুকে হাসপাতালে পরীক্ষা করাতে হবে এবং অল্প সময়ের জন্য হাসপাতালে থাকতে হতে পারে।
- রক্ত পরীক্ষা করা হতে পারে
- প্রস্রাবের পরীক্ষা করা হতে পারে
- মেরুদণ্ডের তরল পরীক্ষা করা হতে পারে
- সংক্রমণ থাকলে চিকিৎসক চিকিৎসা দিতে পারেন