মারফান সিন্ড্রোম শরীরের সংযোজক কলার একটি বংশগত সমস্যা। এর লক্ষণ, কারণ এবং কীভাবে এই শারীরিক পরিস্থিতি সামলানো যায় সে সম্পর্কে জেনে নিন।
মারফান সিন্ড্রোম কী এবং কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, মারফান সিন্ড্রোম হলো শরীরের কানেক্টিভ টিস্যু বা সংযোজক কলার একটি সমস্যা। এই টিস্যু শরীরের গঠন বজায় রাখতে এবং বিভিন্ন অঙ্গকে সহায়তা করতে কাজ করে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই সমস্যা সমভাবে দেখা দিতে পারে।
এটি মূলত একটি বংশগত রোগ। অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ প্রতি ৪ জনের মধ্যে ৩ জন রোগীর শরীরে এটি বাবা বা মায়ের কাছ থেকে আসে। বাকি ক্ষেত্রে ডিম্বাণু বা শুক্রাণুতে প্রথমবার জিনের পরিবর্তনের কারণে এমনটি ঘটে। জিনের ত্রুটির কারণে শরীরে ফাইব্রিলিন নামক প্রোটিন কম তৈরি হয়, যার ফলে হাড় ও শারীরিক কলাগুলো অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে বা প্রসারিত হয়।
রোগের প্রধান লক্ষণসমূহ
মারফান সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ সবার ক্ষেত্রে একরকম হয় না। কারও খুব সামান্য লক্ষণ থাকে, আবার কারও ক্ষেত্রে জটিলতা বেশি দেখা যায়।
- স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা শরীর
- হাত, পা, হাতের আঙুল এবং পায়ের আঙুল অস্বাভাবিক লম্বা ও সরু হওয়া
- চোখের লেন্স তার সঠিক স্থান থেকে সরে যাওয়া
- হৃদযন্ত্রের ভেতরে বিভিন্ন ধরনের ত্রুটি থাকা
রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনা
ছোটবেলায় এই রোগের লক্ষণগুলো সব সময় স্পষ্ট বোঝায় যায় না। ফলে অনেক সময়ে কৈশোরে পৌঁছানোর পর এটি শনাক্ত করা হয়। চিকিৎসক শারীরিক পরীক্ষা এবং পারিবারিক ইতিহাস ভালো করে পর্যবেক্ষণ করে এই রোগ নির্ণয় করেন।
মারফান সিন্ড্রোম পুরোপুরি কমানোর কোনো উপায় নেই। তাই চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো লক্ষণগুলো সামলে রাখা এবং বড় ধরনের কোনো জটিলতা সৃষ্টি হতে না দেওয়া। যদি হৃদযন্ত্র বা শরীরের প্রধান রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তবে তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত দল রোগীর নিয়মিত সেবা ও পর্যবেক্ষণ নিশ্চিত করেন।