নবজাতককে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। জেনে নিন শিশুকে নিরাপদে স্পঞ্জ করা, গোসল করানো এবং নখ কাটার সঠিক কিছু নিয়ম।
স্পঞ্জ করা বা শরীর মুছে দেওয়া
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নবজাতক শিশুকে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। এর বদলে শিশুর মুখ, ঘাড়, হাত ও ডায়াপারের অংশ হালকা গরম পানি দিয়ে মুছে দিতে পারেন।
এই কাজের জন্য একটি পাত্রে হালকা গরম পানি, পরিষ্কার তোয়ালে, কটন উল বা তুলো এবং পরিষ্কার জামাকাপড় গুছিয়ে রাখুন।
- প্রতিটি চোখের জন্য নতুন তুলো ব্যবহার করে নাকের পাশ থেকে বাইরের দিকে আলতো করে মুছুন।
- কানের চারপাশ পরিষ্কার করুন, কিন্তু কানের ভেতরে কখনো তুলো বা কটন বাড দেবেন না।
- কুঁচকি ও ত্বকের ভাজগুলো ভালোভাবে মুছে শুকিয়ে নিন।
- নাভি যদি প্রস্রাব বা পায়খানায় ময়লা হয়, তবেই শুধু গরম পানি ও তুলো দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।
নিরাপদে গোসল করানোর উপায়
শিশু গোসল উপভোগ করলে তাকে গোসল করাতে পারেন। তবে খাওয়ার পরপরই, শিশু অত্যন্ত ক্ষুধার্ত থাকলে বা ক্লান্ত থাকলে গোসল না করানো ভালো।
পানি তৈরির সময় আগে ঠান্ডা পানি ঢালুন এবং পরে গরম পানি মিশিয়ে নিন। পানির তাপমাত্রা নিজের কবজি বা কনুই দিয়ে ভালোভাবে পরীক্ষা করে নিন।
- শিশুকে গোসলের পাত্রে নামানোর সময় মাথা ও কাঁধ এক হাত দিয়ে শক্তভাবে ধরে রাখুন।
- গোসলের পানির উচ্চতা কম হলেও শিশুকে এক মুহূর্তের জন্যও একা রাখবেন না।
- বাচ্চাদের বাথ সিট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি থেকে শিশু পানিতে পড়ে যেতে পারে।
- অন্য কোনো ছোট শিশুকে দিয়ে নবজাতকের গোসল তদারকি করাবেন না।
গোসলের পর পরিচর্যা ও নখ কাটা
গোসল শেষে শিশুকে তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। বিশেষ করে ত্বকের ভাঁজগুলো ভালো করে শুকাতে হবে। গোসলের পর শিশুকে তেল বা লোশন দিয়ে মালিশ করতে চাইলে তা শিশুর উপযোগী কি না নিশ্চিত হয়ে নিন।
শিশুর নখ লম্বা হলে সে নিজের মুখে আঁচড় কাটতে পারে। তাই নিয়মিত শিশুর নখ কেটে ছোট রাখা প্রয়োজন।
- শিশুর জন্য তৈরি বিশেষ নখ কাটার কাঁচি বা নেল ক্লিপার ব্যবহার করুন।
- শিশু যখন ঘুমিয়ে থাকে বা শান্ত থাকে, তখন নখ কাটা সবচেয়ে সুবিধাজনক।
- গোসল শেষে শিশুকে তোয়ালে বা জামাকাপড় পরিয়ে উষ্ণ রাখুন।