শীতে শিশুর নিউমোনিয়া ও এর লক্ষণ সম্পর্কে জানা খুবই জরুরি। দ্রুত শ্বাসকষ্ট বা অস্বাভাবিক শব্দ চিনে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
নিউমোনিয়া কী ও কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ যা সাধারণত ইনফেকশন বা সংক্রমণের কারণে হয়। ফ্লু, কোভিড-১৯ বা অন্যান্য ভাইরাসের পর এটি হতে পারে।
ছোট শিশু, প্রবীণ এবং যাদের আগে থেকেই বুক বা হৃদরোগের সমস্যা আছে, তাদের নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে।
- ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ থেকে প্রধানত নিউমোনিয়া হয়।
- খাবার বা পানি ভুল করে ফুসফুসে ঢুকে গেলেও নিউমোনিয়া হতে পারে।
নিউমোনিয়ার লক্ষণ ও উপসর্গ
নিউমোনিয়ার লক্ষণ হঠাৎ করে দেখা দিতে পারে বা কয়েক দিন ধরে ধীরে ধীরে বাড়তে পারে। শিশু বা প্রবীণদের লক্ষণগুলোর ওপর বিশেষ নজর দেওয়া দরকার।
- কাশি এবং বুক ব্যথা
- শ্বাসকষ্ট এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর
- প্রচণ্ড ক্লান্তি এবং খাওয়ার অরুচি
- শ্বাস নেওয়ার সময় সাঁসাঁ শব্দ বা শিশুদের ক্ষেত্রে গোঙানির শব্দ
ঘরে পরিচর্যা ও যা করা যাবে না
সুস্থ বোধ না করা পর্যন্ত পর্যাপ্ত বিশ্রাম নিন এবং বেশি করে তরল পান করুন। গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু ও নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তিরা যেকোনো ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- কাশি বা হাঁচি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন এবং দ্রুত টিস্যু ডাস্টবিনে ফেলুন।
- নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।
- কাশির ওষুধ খাবেন না, কারণ কাশি ফুসফুসের ইনফেকশন বের হতে সাহায্য করে।
- ধূমপান থেকে পুরোপুরি দূরে থাকুন।