গর্ভাবস্থায় পেটে ব্যথা সাধারণ ব্যাপার হতে পারে, তবে কিছু লক্ষণ দেখলে সাবধান হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গর্ভাবস্থায় পেটে ব্যথার সাধারণ কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, গর্ভাবস্থায় পেটে ব্যথা বা ক্র্যাম্প খুব সাধারণ একটি বিষয়। সাধারণত এটি চিন্তার কোনো কারণ নয়, তবে মাঝে মাঝে এটি গুরুতর কিছুর লক্ষণ হতে পারে।
- লিগামেন্ট বা পেশি প্রসারিত হওয়ার কারণে পেটের একপাশে তীব্র টান লাগতে পারে।
- কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় খুব কমন একটি সমস্যা।
- পেটে গ্যাস জমে যাওয়ার কারণেও ব্যথা হতে পারে।
কখন ঘরে বসে বিশ্রাম নেবেন
যদি ব্যথা খুব হালকা হয় এবং শরীর বা বসার ভঙ্গি পরিবর্তন করলে, বিশ্রাম নিলে, পায়খানা হলে বা গ্যাস বের হলে ব্যথা চলে যায়, তবে সাধারণত ভয়ের কিছু নেই।
- বিশ্রাম নিন এবং ৩০ থেকে ৬০ মিনিট অপেক্ষা করুন।
- হালকা ব্যথায় চিন্তিত না হয়ে শরীরের যত্ন নিন।
- কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
গুরুতর সমস্যার কিছু কারণ
কিছু জটিল অবস্থার কারণে পেটে তীব্র ব্যথা হতে পারে যার জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।
- জরায়ুর বাইরে গর্ভধারণ বা একটোপিক প্রেগন্যান্সি।
- গর্ভপাত বা মিসক্যারেজ।
- প্রিক্ল্যাম্পসিয়া বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা।
- সময়ের আগে প্রসব বেদনা শুরু হওয়া।