প্রস্রাব আটকে রাখতে সমস্যা হওয়া বা ফোটা ফোটা ঝরে পড়া কমানোর জন্য জীবনযাত্রার কিছু সহজ পরিবর্তন ও ব্যায়ামের কার্যকর নিয়ম জেনে নিন।
জীবনযাত্রার পরিবর্তন ও পেলভিক ফ্লোর ব্যায়াম
প্রস্রাব অনিয়ন্ত্রিতভাবে ঝরে পড়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, জীবনযাত্রার কিছু সহজ পরিবর্তন ও ঘরোয়া অভ্যাসের মাধ্যমে এই সমস্যা কমিয়ে আনা সম্ভব। নিয়মিত পেলভিক ফ্লোর ব্যায়াম করা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। প্রস্রাব বা বায়ু আটকানোর সময় যে পেশিগুলো ব্যবহার হয়, সেগুলোকে দ্রুত শক্ত করে ২ সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ছেড়ে দিন। এভাবে দিনে অন্তত ১০ বার করার চেষ্টা করুন।
- ব্যায়ামের সময় স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন এবং পেট না টানার চেষ্টা করুন।
- ভারী জিনিস তোলার সময় পেলভিক ফ্লোর পেশি শক্ত করে নিন।
খাবার ও পানীয় গ্রহণে সচেতনতা
অনেকে প্রস্রাব ঝরার ভয়ে পানি পান একবারে কমিয়ে দেন, যা মোটেও ঠিক নয়। পানি কম খেলে মূত্রাশয়ের ধারণক্ষমতা কমে যায় এবং কোষ্ঠকাঠিন্য বেড়ে সমস্যা আরও জটিল হতে পারে। তাই নিয়ম মেনে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন।
- চা, কফি ও ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া কমিয়ে পানি এবং ফলের রস পান করুন।
- অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত বা টক খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো মূত্রাশয়ে অস্বস্তি তৈরি করে।
- কোষ্ঠকাঠিন্য এড়াতে খাদ্যতালিকায় প্রচুর আঁশযুক্ত খাবার রাখুন।
যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
শরীরের অতিরিক্ত ওজন মূত্রাশয়ের ওপর চাপ সৃষ্টি করে পেশি দুর্বল করে দেয়। ওজন নিয়ন্ত্রণে রাখলে প্রস্রাব ঝরার লক্ষণ অনেকটাই কমে আসতে পারে। ধূমপানের কারণে ঘন ঘন কাশি হলে তা পেলভিক ফ্লোর পেশির ওপর বাড়তি চাপ তৈরি করে।
- ধূমপান ও অ্যালকোহল পানের অভ্যাস থাকলে তা পুরোপুরি বাদ দিন।
- অতিরিক্ত লাফঝাঁপ বা কঠিন ব্যায়ামের বদলে হালকা ব্যায়াম বেছে নিন।
- মলত্যাগের বেগ কখনো চেপে রাখবেন না, এতে পেশি দুর্বল হয়।