জরায়ু অপসারণ বা হিস্টেরেক্টমি হলো জরায়ু কেটে বাদ দেওয়ার একটি অস্ত্রোপচার। অস্ত্রোপচারের কারণ, বিভিন্ন ধরণ এবং সেরে ওঠার নিয়মাবলি জানা থাকা জরুরি।
জরায়ু অপসারণ কী এবং কেন প্রয়োজন?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, হিস্টেরেক্টমি হলো একটি অস্ত্রোপচার যার মাধ্যমে জরায়ু সরিয়ে ফেলা হয়। এই অপারেশনের পর আর গর্ভধারণ করা সম্ভব হয় না। আপনার মেনোপজ বা রজোনিবৃত্তি না হয়ে থাকলেও, এই অস্ত্রোপচারের ফলে মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটি সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়।
এটি একটি বড় অস্ত্রোপচার এবং সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। কম ঝুঁকিপূর্ণ বা অন্যান্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাধান না হলে চিকিৎসকেরা এই অস্ত্রোপচারের পরামর্শ দেন। গর্ভবতী, স্তন্যদানকারী মা বা অন্য কোনো রোগে নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তি চিকিৎসকের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।
- অতিরিক্ত বা ভারী রক্তস্রাবের সমস্যা থাকলে
- দীর্ঘদিন ধরে তলপেটে তীব্র ব্যথা থাকলে
- জরায়ুতে অ-ক্যানসারযুক্ত টিউমার বা ফাইব্রয়েড থাকলে
- ডিম্বাশয়, জরায়ু, জরায়ুমুখ বা ফেলোপিয়ান টিউবে ক্যানসার হলে
হিস্টেরেক্টমির প্রকারভেদ ও অস্ত্রোপচারের পদ্ধতি
অস্ত্রোপচারের কারণ এবং প্রজননতন্ত্রের কতটুকু অংশ নিরাপদ রেখে বাদ দেওয়া সম্ভব, তার ওপর নির্ভর করে হিস্টেরেক্টমি বিভিন্ন ধরনের হয়।
এই অস্ত্রোপচার তিনটি পদ্ধতিতে হতে পারে: ল্যাপারোস্কোপিক (পেটে ছোট ছিদ্র করে), ভ্যাজাইনাল (যোনিপথের মাধ্যমে), এবং অ্যাবডোমিনাল (তলপেট কেটে)।
- টোটাল হিস্টেরেক্টমি: জরায়ু এবং জরায়ুমুখ উভয়ই অপসারণ করা হয়।
- সাবটোটাল হিস্টেরেক্টমি: জরায়ুর মূল অংশ সরিয়ে নেওয়া হয়, তবে জরায়ুমুখ থেকে যায়।
- ডিম্বাশয়সহ টোটাল হিস্টেরেক্টমি: জরায়ু, জরায়ুমুখ, ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয় বাদ দেওয়া হয়।
- র্যাডিক্যাল হিস্টেরেক্টমি: জরায়ু, চারপাশের টিস্যু, ফেলোপিয়ান টিউব, যোনির অংশ, ডিম্বাশয় ও লিম্ফ গ্ল্যান্ড অপসারণ করা হয়।
অস্ত্রোপচার-পরবর্তী সুস্থতা ও সম্ভাব্য জটিলতা
হিস্টেরেক্টমির পর হাসপাতালে সাধারণত ৫ দিন পর্যন্ত থাকতে হতে পারে। সম্পূর্ণ সুস্থ হতে প্রায় ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। এই সময় পেটের পেশিগুলো সেরে ওঠার জন্য প্রচুর বিশ্রাম নিতে হবে এবং বাজারে ভারী কেনাকাটার ব্যাগ তোলার মতো কাজ থেকে বিরত থাকতে হবে।
যদি অস্ত্রোপচারের সময় উভয় ডিম্বাশয় সরিয়ে ফেলা হয়, তবে বয়স যাই হোক না কেন সাথে সাথে সার্জিক্যাল মেনোপজ শুরু হয়ে যায়। এমন অবস্থায় চিকিৎসক HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পরামর্শ দিতে পারেন।
- অতিরিক্ত রক্তপাত হওয়া
- অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ বা ইনফেকশন
- মূত্রাশয় বা অন্ত্রের ক্ষতি হওয়া
- এনাস্থেসিয়া বা অবশ করার ওষুধে বিপরীত প্রতিক্রিয়া হওয়া